মো: ইসমাঈল হোসেন , রাজশাহী জেলা প্রতিনিধি
গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষ এক গৌরবোজ্জ্বল উদ্যোগ গ্রহণ করেছে। এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পৌর এলাকার কৃতী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক।
পৌরসভা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই বৃত্তি প্রদান করা হবে। কৃতী শিক্ষার্থীদের নামের তালিকা যাচাই-বাছাই শেষে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীরা আরও উচ্চশিক্ষায় এগিয়ে যাক এবং দেশ-বিদেশে আমাদের পৌরসভার নাম উজ্জ্বল করুক। তাই এই বৃত্তি তাদের জন্য এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে শীঘ্রই প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে আহ্বান জানানো হবে।