বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়।
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকা থেকে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
জুলাই মাসে টিসিবির উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত এ চাল তাদের কাছে পৌঁছানোর পরিবর্তে স্থানীয় ডিলার গোপনে লুকিয়ে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবহান, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা যৌথভাবে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন।
এ ঘটনায় দায়ী ডিলার হোসনেয়ারা কান্তা ঋতু, বাড়ি বিনোদপুর—তার বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে ডিলারশিপ বাতিল করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, টিসিবির এ ধরনের অনিয়মের কারণে প্রকৃত উপকারভোগীরা বারবার বঞ্চিত হচ্ছেন। তবে উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।